টুটুল বসু, ১১ নভেম্বার ২০২৬ ০১:২৩ এ.এম
আব্দুল্লাহর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে সমবয়সী এক শিশুর সঙ্গে বাড়ির পাশের রাস্তায় খেলতে যায় আব্দুল্লাহ। খেলার একপর্যায়ে অসাবধানতায় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় সে। পরে তার খেলার সঙ্গী বাড়িতে ফিরে এলেও আব্দুল্লাহ না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়শা সিদ্দিকী তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. আয়শা সিদ্দিকী জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।