মঙ্গলবার ০৩ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম 

টুটুল বসু, ০৩ নভেম্বার ২০২৬ ১২:০১ এ.এম

যুবককে কুপিয়ে জখম  বোয়ালমারী,

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ববিরোধের জেরে ইসরাফিল মোল্যা (১৮) নামে এক যুবককে চলন্ত মোটরসাইকেল থেকে  নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

রবিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামে  অবস্থিত বোয়ালমারী পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায়  এ ঘটনা ঘটে।

আহত ইসরাফিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামের রবিউল ইসলাম মোল্যার ছেলে। হামলায় তার পিঠ ও উরুতে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর উপজেলা শিশুপার্কের সামনে একটি ফুচকা-চটপটির দোকানে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। উচ্চস্বরে হাসাহাসি নিয়ে প্রথমে কথা-কাটাকাটি, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। ওই ঘটনায় ঋত্বিক শেখ ও কাকন আহমেদ নামে দুই যুবক মারধর ও ছুরিকাঘাতের শিকার হন।

সেই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। রবিবার রাতে ইসরাফিল এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে মহম্মদপুর মধুমতী নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচের মেলা দেখে রাইপুরের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ কামারগ্রাম  পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের পথরোধ করা হয়। 
এ সময় আগের ঘটনায় আহত দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে ঋত্বিক শেখ (২১) ও মনিরুল ইসলামের ছেলে কাকন আহমেদ (২০) ইসরাফিলকে মোটরসাইকেল থেকে  নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, ইসরাফিলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিশেষ করে পিঠ ও উরুতে চার-পাঁচটি গভীর ক্ষত হয়েছে। এ ধরনের রোগীর প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা হাসপাতালে না থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য  পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালেও পুলিশ পাঠানো হয়। আগের একটি ঘটনার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এখনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।