রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বোয়ালমারীতে  শিশু বাচ্চাকে  অশ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা

দিবাকর বসু (টুটুল) ৩১ অক্টোবার ২০২৬ ১১:৫৩ পি.এম

অভিযোগে মামলা বোয়ালমারীত,  

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে পিপুল ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে মক্তবের একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন নামের এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১০টার দিকে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী  পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী রেলগেটসংলগ্ন বাইতুন নুর মসজিদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি মসজিদসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে পিপুল লতার পাকা লাল ফল সংগ্রহ করছিল। স্থানীয়ভাবে ফলটি ‘পিপুল মরিচ’ নামে পরিচিত। এ সময় আল আমিন শিশুটিকে আরও বেশি ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে  হাত ধরে মাদ্রাসার মক্তবের মোতোয়াল্লির কক্ষে নিয়ে যান।

 সেখানে শিশুটির পোশাক খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ অশোভন আচরণের চেষ্টা করেন আল আমিন। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায় শিশুটি। পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে শিশুটি অভিযুক্ত আল আমিনকে শনাক্ত করে।
শিশুটির মা বলেন, খেলাধুলার জন্য পিপুল মরিচ সংগ্রহের সময় তার মেয়েকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে।  তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। 

অভিযুক্ত আল আমিন বর্ণিচর গ্রামের কাইয়ুম মাস্টারের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সোতাশী গ্রামে তার নানা বিশিষ্ট আলেম মাওলানা নুর মোহাম্মদের বাড়িতে বসবাস করেন। অভিযোগের বিষয়ে জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। 

আল আমিনের বোন অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি। তিনি জানান, আল আমিন বর্তমানে বাড়িতে নেই এবং বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার প্রস্তাব দেন।

ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু লস্কর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুটিসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এ ঘটনায় শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


দিবাকর বসু (টুটুল) 
বোয়ালমারী,ফরিদপুর।