টুটুল বসু, বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুর–১ আসন (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাশার খাঁন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মধুখালীতে অবস্থিত রাজ্জাক জুট মিলে তিন উপজেলা এবং ফরিদপুর জেলায় কর্মরত প্রায় দেড় শতাধিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ব্যবসায়ী আবুল বাশার খাঁন মধুখালী উপজেলার বাসিন্দা।
মতবিনিময় সভায় তিনি বলেন, 'এলাকার রাজনৈতিক শূন্যতা ও অসহায়ত্ব আমাকে গভীরভাবে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। এলাকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতেই নির্বাচনে আসার সিদ্ধান্ত।'
মতবিনিময় সভায় আলহাজ্ব আবুল বাশার নিজের সফল ব্যবসায়িক যাত্রার কথা উল্লেখ করে বলেন, তার ব্যবসার শুরু ছিল অত্যন্ত সাধারণ, মাত্র চার হাজার টাকা পুঁজিতে।
প্রথমদিকে তিনি চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতেন। পরবর্তীতে, ২০০৯ সালে একটি জুট মিল প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক কার্যক্রম দ্রুত গতিতে সম্প্রসারিত হয়। বর্তমানে তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষ কর্মরত রয়েছেন এবং এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। নির্বাচিত হলে তিনি ফরিদপুর-১ আসনে সুশাসন নিশ্চিত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপের অঙ্গীকার করেন। এর মধ্যে রয়েছে- মাদক নির্মূল, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।
নিজের আর্থিক স্বচ্ছলতার বিষয়ে উল্লেখ করে তিনি দৃঢ়তার সাথে বলেন, “আল্লাহর রহমতে আমার অর্থনৈতিক অবস্থান ভালো। মানুষের হক নষ্ট করার কোনো মানসিকতা আমার নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
সম্পাদক : শরিফুল ইসলাম, প্রকাশক : শামীম রেজা, অফিস: রোড নং: ০৪ ব্লক: ডি, মিরপুর-১ ঢাকা- ১২১৬।
মোবাইল: ০১৭১০-১০০১৪৩, ০১৭১০-৯৫৯৮৩৯ G-mail: kalerkhea24@gmail.com
www.kalerkhea.com